রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে কিশোর নিহত, গুলিবিদ্ধ ৩

রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে কিশোর নিহত, গুলিবিদ্ধ ৩

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মুস্তাকিম মিয়া (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৬টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম ওই এলাকার প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার এবং এরশাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর জের ধরে বুধবার সকালে এরশাদ মিয়ার অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হানিফ মাস্টারের লোকজনের বাড়িতে হামলা চালায়। সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের মাসুম ওরফে চায়না নামের এক ব্যক্তির গুলিতে ঘটনাস্থলেই মুস্তাকিমের মৃত্যু হয়। এ সময় রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগমসহ (৩৫) অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহতের মা শাহানা বেগম বিলাপ করে বলেন, "আমার ছেলে কোনো রাজনীতির সাথে ছিল না। বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সাবেক মেম্বার ফিরোজের ভাতিজা মাসুম তাকে গুলি করে বুক খালি করে দিয়েছে।" রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, নিহতের বুকের বাম পাশে গভীর গুলির চিহ্ন পাওয়া গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন