বগুড়ায় বিএনপি নেতাদের ভোট কর্মকর্তা নিয়োগের অভিযোগ জামায়াতের

বগুড়ায় বিএনপি নেতাদের ভোট কর্মকর্তা নিয়োগের অভিযোগ জামায়াতের

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির পদধারী নেতাকর্মীদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর পক্ষপাতের অভিযোগ এনে মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বগুড়া-৬ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আল-আমিনের দায়ের করা এই অভিযোগে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের অধিকাংশই ধানের শীষ প্রতীকের সমর্থক। অভিযোগপত্রে নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার নাম ও দলীয় পদবী উল্লেখ করা হয়েছে। যেমন— সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত নূনগোলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। বাঘোপাড়া হাজী দানেশ স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান জিয়া পরিষদ জেলা শাখার সেক্রেটারি। এছাড়া একই প্রতিষ্ঠানের মো. সাইফুল ইসলাম সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মো. শওকত হোসেন গোকুল ইউনিয়ন বিএনপির সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জামায়াতের দাবি, দলীয় পদে থাকা এসব ব্যক্তি নির্বাচনী দায়িত্ব পালন করলে ভোটের ফলাফলে প্রভাব পড়তে পারে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করবে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা বলেন, অধিকাংশ নির্বাচনী কর্মকর্তা বিএনপির সমর্থক হওয়ায় নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা অবিলম্বে এসব কর্মকর্তাদের প্রত্যাহার করে নিরপেক্ষ ব্যক্তি নিয়োগের দাবি জানিয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন