ফরিদপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফরিদপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে শহরের কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সাদ্দাম শেখ (২৪)। তিনি ফরিদপুর শহরের খোদাবক্স রোড (কসাইবাড়ি সড়ক) এলাকার মো. শেখ শহিদের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবরামপুর বাজার এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সেখান থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতয়ালী থানার জিআর মামলা নং-৫৫৬/১৪ এর সাজাপ্রাপ্ত আসামি। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজা হওয়ার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাদ্দাম তার অপরাধ এবং দীর্ঘদিন পলাতক থাকার বিষয়টি স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন