শবে বরাতে শিরকের বিরুদ্ধে আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত

শবে বরাতে শিরকের বিরুদ্ধে  আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাওলানা তানভীর আহসানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাতে শবে বরাতের বয়ানে মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা করায় মসজিদের পাশেই এ হামলার শিকার হন তিনি। এ ঘটনায় জড়িত ২৩ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

ভুক্তভোগী ইমাম মাওলানা তানভীর আহসান জানান, শবে বরাত উপলক্ষে তিনি মসজিদে মাজারপূজা ও শিরকের কুফল এবং ‘গায়েবের মালিক একমাত্র আল্লাহ’—এ বিষয়ে আলোচনা করছিলেন। আলোচনা চলাকালে এক যুবক তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মসজিদ থেকে বের হয়ে যায়। মোনাজাত শেষে ইমাম যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন ওই যুবক চাদরের নিচে লুকানো ছুরি দিয়ে তাঁর ঘাড়ে আঘাত করে এবং কানে ঘুষি মারে।

মাওলানা তানভীর বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি রক্ষা পেয়েছি। আমার গলায় রুমাল পেঁচানো ছিল এবং মোটা বকরমের কলারযুক্ত পাঞ্জাবি পরা থাকায় ছুরিটি চামড়া ভেদ করতে পারেনি। তবে আঘাতের তীব্রতায় আমি কিছুটা অজ্ঞান হয়ে পড়ি।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমামকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পর থেকে ইমাম মাওলানা তানভীর নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন