ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের কাজিরহাট থানায় জামায়াতে ইসলামীর নারী সমর্থকদের লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগে ধানের শীষের কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) কাজিরহাট থানায় আন্দারমানিক ইউনিয়ন জামায়াতের আমীর ও শিক্ষক মো. শহিদুল ইসলাম এই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে একদল নারী সমর্থক নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বেলাল দাই, নাসির মৃধা, দুলাল খান ও জুলহাস সিকদারসহ ধানের শীষের সমর্থক দাবিদার ১৫-২০ জন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে তাদের প্রচারণায় বাধা প্রদান করেন। একপর্যায়ে অভিযুক্তরা নারী সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করা হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমীর শহিদুল ইসলাম জানান, বাধা দেওয়ার সময় তিনি নিষেধ করলেও অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জোরপূর্বক প্রচারণা বন্ধ করতে বাধ্য করেন। তিনি দাবি করেন, হামলাকারীরা ধানের শীষের প্রার্থী রাজিব আহসানের অনুসারী এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন।
এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, প্রধান অভিযুক্ত বেলাল দাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচনের আগে নারী কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ