সেঞ্চুরির রাজা মুশফিক

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
সেঞ্চুরির রাজা মুশফিক

স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টেই অনন্য এই সেঞ্চুরির রাজত্বটা এককভাবে নিজের করে নিতে পারতেন মুশফিকুর রহিম। কিন্তু সেবার মাত্র ২৯ রানের আক্ষেপ আর সমীকরণ মেলাতে না পারায় রেকর্ডটি গড়া হয়নি তাঁর। তবে দেশের ক্রিকেটে সেঞ্চুরির রাজা হতে খুব বেশি সময় নিলেন না সাবেক এই অধিনায়ক। সিলেট টেস্টের সবুজ গালিচাতেই নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে বসলেন মুশফিক। মুমিনুল হককে পেছনে ফেলে এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রাজকীয় মালিক এখন তিনি।

৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার আজ সোমবার প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন। আজকের ম্যাচের আগে মুশফিক ও তাঁর সতীর্থ মুমিনুল হক—উভয়ই ১৩টি করে টেস্ট সেঞ্চুরি নিয়ে যৌথভাবে তালিকার শীর্ষে অবস্থান করছিলেন।

মুশফিকুর রহিম তাঁর টেস্ট ক্যারিয়ারের ঐতিহাসিক ১৪তম সেঞ্চুরিটি পূর্ণ করেছেন অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে, একটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে যখন তাঁর মাত্র ১ রানের প্রয়োজন ছিল, ঠিক তখনই প্রতিপক্ষের বোলার মোহাম্মদ আব্বাসের বলকে গালির ওপর দিয়ে সীমানা ছাড়া করে চার মেরে রেকর্ড বইয়ের পাতা নতুন করে লেখেন তিনি।

সেঞ্চুরিটি রেকর্ডবুক ওলটপালট করা হলেও মুশফিকের উদযাপনে চিরচেনা আগ্রাসী ভাব বা আতিশয্য ছিল না। আকাশপানে তাকিয়ে মৃদু গর্জন ছুড়ে দুই হাত উঁচিয়ে নিজের শান্ত উদযাপন সারেন তিনি। এরপর ক্রিজে থাকা অপর সতীর্থ তাইজুল ইসলামকে পরম মমতায় জড়িয়ে ধরেন। পরে সবুজ পিচেই সিজদার মাধ্যমে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিজ্ঞ ব্যাটার।

ঐতিহাসিক এই সেঞ্চুরিটি পূর্ণ করতেই ড্রেসিংরুম থেকে বাংলাদেশ দলের সতীর্থ ও সাপোর্ট স্টাফসহ গ্যালারিতে থাকা হাজারো দর্শক দাঁড়িয়ে মুশিকে করতালির মাধ্যমে রাজকীয় অভিবাদন জানান। তবে শুধু ঘরের মাঠের দর্শকদের কাছ থেকেই নয়, মুশফিকের এই দুর্দান্ত ক্লাস ব্যাটিংয়ের পর প্রতিপক্ষের ক্রিকেটাররাও করতালি দিয়ে এই লিটল মাস্টারকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি। ১৭৮ বলে সেঞ্চুরি ছোঁয়া মুশফিক বর্তমানে ১০৬ রানে অপরাজিত থেকে মাঠ মাতাচ্ছেন। তাঁর এই ঝকঝকে ইনিংসটি সাজানো রয়েছে ১টি ছক্কা ও ৯টি দৃষ্টিনন্দন চারের সাহায্যে।

ক্রিজে এখন মুশফিককে যোগ্য সঙ্গ দিচ্ছেন মূলত বোলার হলেও দলের প্রয়োজনে নির্ভরযোগ্য হয়ে ওঠা তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার কাম ব্যাটার বর্তমানে ২টি চারের সাহায্যে ১৯ রানে অপরাজিত আছেন। ইতিমধ্যে সপ্তম উইকেট জুটিতে মুশফিক ও তাইজুলের পার্টনারশিপ দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ ৬৪ রানের। তাদের এই অবিচ্ছিন্ন ও দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৩৬ রান। ফলে প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের টেস্ট জয়ের লিড এখন ৩৮২ রানের এক বিশাল ও পাহাড়সম স্কোরে রূপ নিয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন