খালিয়াজুরীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫২০ কৃষক পরিবারকে কারিতাসের অর্থ সহায়তা

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
খালিয়াজুরীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫২০ কৃষক পরিবারকে কারিতাসের অর্থ সহায়তা

খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিচ্ছেন অতিথিরা।

মহসিন মিয়া,নেত্রোকোনা : নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫২০টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে কারিতাস বাংলাদেশ। রোববার (১৭ মে) বিকেলে উপজেলার খালিয়াজুরী সদর ও গাজীপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।

কারিতাস বাংলাদেশ সূত্র জানায়, হাওরে আকস্মিক ফসলহানিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের জরুরি সহায়তা প্রদান ও কৃষি পুনর্বাসনের লক্ষ্যে ‘স্টার্ট ফান্ড বাংলাদেশ’-এর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে মোট ৩১ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে এই সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিতাসের ময়মনসিংহ অঞ্চলের ঊর্ধ্বতন হিসাব ও प्रशासनिक কর্মকর্তা রবীন্দ্রনাথ গাড়ির সভাপতিত্বে এবং টিম লিডার ড্যানিয়েল ধৃত স্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা বলেন, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে হাওরের কৃষকেরা বড় ধরনের সংকটে পড়েছেন। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা দেওয়া অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত, যা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, স্থানীয় সংসদ সদস্যের সহকারী ব্যক্তিগত সচিব মো. জহির আহমেদ জিকু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফুল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা পাওয়া কয়েকজন প্রান্তিক কৃষক গণমাধ্যমকে জানান, পাহাড়ি ঢলে ফসল হারিয়ে তারা যখন চরম দেনার মুখে পড়েছিলেন, তখন এই নগদ অর্থ সহায়তা তাদের পরিবার পরিচালনায় এবং পরবর্তী চাষাবাদের প্রস্তুতিতে অনেক বড় অবদান রাখবে।

মন্তব্য করুন