আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধার এলাকায় অবস্থিত ১৩–১৪ শতকের ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির হিসেবে ঘোষণা করেছে দেশটির মধ্যপ্রদেশ হাইকোর্ট।
শুক্রবার (১৫ মে) ঘোষিত রায়ে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা বিরোধের প্রেক্ষাপটে স্থাপনাটি হিন্দু দেবী ভগদেবী (সরস্বতী)-এর মন্দির হিসেবে বিবেচিত হবে।
রায়ের পরপরই স্থানীয় এলাকায় ধর্মীয় কার্যক্রম শুরু করেন হিন্দু ধর্মাবলম্বীরা। রোববার সেখানে অস্থায়ীভাবে দেবীর মূর্তি স্থাপন করা হয় এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এই স্থানটি নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মালিকানা ও ধর্মীয় ব্যবহার নিয়ে বিরোধ চলে আসছিল। মুসলিম পক্ষ দাবি করে আসছে, এটি শতাব্দী প্রাচীন একটি মসজিদ, যেখানে ঐতিহাসিকভাবে নামাজ আদায় হয়ে আসছে।
অন্যদিকে হিন্দু পক্ষের দাবি ছিল, ওই স্থানে প্রাচীন একটি মন্দির ছিল, যার ওপর পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়।
আদালত মুসলিম পক্ষের দাবি খারিজ করে দেয় এবং বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য আবেদন করার সুযোগ রাখে।
রায়ের পর মুসলিম সম্প্রদায় এই সিদ্ধান্তকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারতে সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় স্থাপনা ঘিরে একের পর এক বিতর্ক দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা তৈরি করছে।
সূত্র: আল জাজিরা