শিবপুরের শিশু হবিগঞ্জ থেকে উদ্ধার: দম্পতি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
শিবপুরের শিশু হবিগঞ্জ থেকে উদ্ধার: দম্পতি গ্রেফতার

সুরুজ মিয়া, শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার ২ দিন পর নিখোঁজ শিশু উম্মে হানি (৩) কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ ও র‍্যাব। মাত্র ৪ হাজার টাকায় বিক্রি করে দেওয়া এই শিশুটিকে 

গতকাল রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশু চুরির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) এবং তাঁর স্ত্রী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরম আলীর মেয়ে শরিফা খাতুন (২৯)। উদ্ধার হওয়া শিশু উম্মে হানি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোয়ারা গ্রামের রাজমিস্ত্রি ইব্রাহিম মোল্লার মেয়ে। শিশুটির মা ছাকিনা বেগম ‘প্রাণ’ কোম্পানিতে চাকরি করেন। তাঁরা শিবপুর কলেজপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

উম্মে হানির মা ছাকিনা বেগম জানান, একই বাসায় ভাড়া থাকার সুবাদে শরিফা খাতুনের সাথে তাঁদের পারিবারিক সখ্য গড়ে ওঠে। শরিফার স্বামী ধানুয়া এলাকার একটি রাইস মিলে কাজ করতেন। গত শুক্রবার (১৫ মে) বেলা ১০টার দিকে চকলেট ও চিপস কিনে দেওয়ার নাম করে শিশু উম্মে হানিকে বাইরে ঘুরতে নিয়ে যান শরিফা খাতুন। এরপর দীর্ঘ সময় পার হলেও তাঁরা আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে মেয়ের কোনো সন্ধান না পেয়ে ওইদিন সন্ধ্যায় শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মা।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই শিবপুর থানা পুলিশ আধুনিক তথ্য ও প্রযুক্তির সহায়তায় শরিফা খাতুনের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। পুলিশ জানতে পারে, তারা গ্রেফতার এড়াতে ঘন ঘন নিজেদের অবস্থান পরিবর্তন করছিল। পরবর্তীতে নরসিংদী জেলা পুলিশের নির্দেশনায় ও র‍্যাবের বিশেষ সহযোগিতায় গতকাল রবিবার রাতে হবিগঞ্জের মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকায় এক চিরুনি অভিযান চালানো হয়। সেখান থেকে শরিফা খাতুন ও তাঁর স্বামী নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা স্বীকার করে যে, সে শিশু উম্মে হানিকে মাত্র ৪ হাজার টাকার বিনিময়ে অন্য এক চক্রের কাছে বিক্রি করে দিয়েছিল। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শিশুটিকে উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “থানায় অভিযোগ পাওয়ার পর উপ-পরিদর্শক (এসআই) অনুপ নাগ, হাসান ও র‍্যাবের যৌথ সহযোগিতায় মাধবপুর থেকে আসামিদের গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মানবপাচার ও শিশু অপহরণ আইনে মামলা দায়েরের পর আজ সোমবার তাঁদের নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন