নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। আজ সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সভায় এই মেগা বাজেট অনুমোদন করা হয়।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, নতুন এডিপির মোট আকার ৩ লাখ কোটি টাকা; যার মধ্যে সরকারি তহবিল ১ লাখ ৯০ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ ও অনুদান ১ লাখ ১০ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নসহ মোট ব্যয় দাঁড়াবে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা। এবারের বাজেটকে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও বৈষম্যহীন সমাজসহ ৫টি প্রধান স্তম্ভের আলোকে সাজানো হয়েছে।
খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি ৫০ হাজার ৯২ কোটি টাকা (১৬.৭০%) পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এছাড়া শিক্ষা খাতে ৪৭ হাজার ৫৯১ কোটি, স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩৫ কোটি এবং বিদ্যুৎ খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দে ৩৩,৭৩৫ কোটি টাকা পেয়ে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তবে বাজেটের সবচেয়ে আলোচিত দিক হলো ১ লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকার বিশাল ‘থোক বরাদ্দ’, যা নির্দিষ্ট প্রকল্পের বাইরে থাকায় আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৬.১৯ শতাংশ হওয়ায়, নতুন এই বিশাল বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সভায় প্রকল্প বাস্তবায়নে আর্থিক শৃঙ্খলা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।