তদন্তের দায়িত্ব পেলো ডিবি

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ
তদন্তের দায়িত্ব পেলো ডিবি

বিনোদন ডেস্ক: তরুণী ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভী এবং তাঁর শাশুড়ির বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার (১৭ মে) ঢাকার সিএমএম আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উচ্চতর ও অধিকতর সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ১৪ মে ডিবি পুলিশকে এই মামলার তদন্তের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়।

গতকাল আদালতে এই হত্যা বা আত্মহত্যায় প্ররোচনা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে থানা পুলিশ থেকে সদ্য দায়িত্ব পাওয়া ডিবি পুলিশ নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, কিছু দিন আগে অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় ইকরার পরিবার থেকে যাহের আলভী এবং তাঁর মায়ের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন