লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৩১ শিশু

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৩১ শিশু

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩১ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ১০০ শয্যাবিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ জেলার ৫টি উপজেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ৮৮ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

আজ সোমবার (১৮ মে) সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ৫৩ জন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, রায়পুরে ১৮ জন এবং রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সদর হাসপাতালে ২৬ জন, রায়পুরে ৩ জন এবং রামগতিতে ২ জন শিশু ভর্তি হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি মৌসুম থেকে আজ সোমবার পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৮২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরে গেছেন ৭৪০ জন রোগী। এছাড়া ল্যাব টেস্ট ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জেলায় মোট ৪৫ জন রোগীর শরীরে আনুষ্ঠানিকভাবে হামের উপস্থিতি বা সংক্রমণ শনাক্ত হয়েছে।

জেলায় হামের প্রাদুর্ভাবের মধ্যে এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ওই দুই শিশু লক্ষ্মীপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত হয়েছিল এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল জানান, সদর হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৫৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত শিশুদের বিশেষ নজরদারিতে রেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন