ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত শুভশ্রী

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত শুভশ্রী

বিনোদন ডেস্ক: ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন ওপার বাংলার (কলকাতা) জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। খেলার মাঠে অসাবধানতাবশত আচমকা মুখে আঘাত পান তিনি। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করে ভক্তদের এই তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুভশ্রী তাঁর ফিটনেস বজায় রাখতে জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিয়মিত ব্যাডমিন্টন খেলেন। গত রবিবার (১৭ মে) বিকেলে প্রতিদিনের মতো ব্যাডমিন্টন খেলতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হন তিনি।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, চোটের তীব্রতা ও ফোলা কমাতে মুখে একটি আইসপ্যাক চেপে ধরে আছেন অভিনেত্রী। ছবিতে তাঁকে একটি সাদা রঙের স্পোর্টস টি-শার্ট পরা এবং চুল পনিটেল করা অবস্থায় দেখা গেছে। তবে মুখে আঘাত পেলেও পুরো বিষয়টিকে বেশ হালকা ও ইতিবাচকভাবেই নিয়েছেন এই টলিউড তারকা। ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে তিনি বেশ রসিকতা করে লেখেন, ‘Injuries during badminton is fun’ অর্থাৎ ‘ব্যাডমিন্টন খেলতে গিয়ে চোট পাওয়াটাও মজার’। এছাড়া পোস্ট করা ছবিটির ব্যাকগ্রাউন্ডে তিনি জুড়ে দিয়েছেন ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় গান ‘ভিডা লোকা’।


চোটের খবরের পাশাপাশি শুভশ্রী বর্তমানে তাঁর নতুন চলচ্চিত্র নিয়ে টলিউড পাড়ায় বেশ জোর আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন পর ওপার বাংলার সুপারস্টার দেব এবং শুভশ্রী জুটি বেঁধে পর্দায় ফিরছেন ‘দেশু ৭’ (কোড নেম) শিরোনামের একটি নতুন ছবিতে।

ছবির চূড়ান্ত নাম এখনো ঘোষণা না করা হলেও, এটি দেব-শুভশ্রী জুটির একসঙ্গে সপ্তম সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমার মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার পরিচালকের আসনে বসতে যাচ্ছেন খোদ অভিনেতা দেব। জানা গেছে, আগামী দুর্গাপূজাকে লক্ষ্য রেখে সিনেমাটি বড় পর্দায় মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এই বিগ বাজেট ছবিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন