স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এলাকার সামগ্রিক উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। জলাবদ্ধতা নিরসন, উন্নত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের এই সহ-সভাপতি। ফলে ক্লিন ইমেজের এই তরুণ নেতাকে ঘিরেই এখন স্বপ্ন বুনছেন স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা।
গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাগানে এক সৌজন্য আলাপে তরুণ প্রজন্মের এই কাউন্সিলর প্রার্থী মো: আজিজুল হক আজিজ (এমবিএ) বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডকে একটি বৈষম্যহীন ও আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি রাজনীতি করি। বিগত দিনগুলোতে রাজপথে থেকে যেভাবে অন্যায়ের প্রতিবাদ করেছি, আগামীতেও ঠিক একইভাবে ৬৬ নং ওয়ার্ডবাসীর মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করে যাবো। আমি সর্বস্তরের এলাকাবাসীর দোয়া ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করছি।”
ঢাকা-৫ আসন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শীর্ষপর্যায়ের নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেক এই ছাত্রনেতা রাজনৈতিক মহলে একজন সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী মাঠের কর্মী হিসেবে সমাদৃত। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তিনি দীর্ঘদিন ধরে ডেমরা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বিগত স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মাঝেও রাজপথে সক্রিয় থাকা এই নেতা বার বার কারা-নির্যাতনের শিকার হয়েছেন। মামলা-হামলার ভয় তোয়াক্কা না করে জনগণের অধিকার আদায়ের প্রতিটি কর্মসূচিতে তিনি সামনের সারিতে ছিলেন। রাজনীতির বাইরেও তাঁর রয়েছে ভিন্নধর্মী পরিচয়; তিনি একজন নিবেদিত সমাজসেবক এবং সফল গার্মেন্টস ব্যবসায়ী।
৬৬ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সাহসিকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করাই মো: আজিজুল হক আজিজকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁর ব্যবসায়িক সুনাম এবং মানুষের বিপদে এগিয়ে আসার মানসিকতা তাকে এলাকায় বেশ জনপ্রিয় করে তুলেছে। এলাকার সচেতন নাগরিকরা মনে করছেন, আজিজের মতো একজন শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব নির্বাচিত হলে ৬৬ নং ওয়ার্ডের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান হবে এবং এটি একটি মডেল ওয়ার্ডে পরিণত হবে।
এ.আই.এল/সকালবেলা