ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, বাণিজ্য চুক্তিতে গুরুত্ব

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ, বাণিজ্য চুক্তিতে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। গতকাল তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার, আন্তঃসংসদীয় সহযোগিতা বৃদ্ধি, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতে স্পিকার বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্সকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ হয়েছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির ধারাবাহিকতা রক্ষা করেছে।

সাক্ষাৎকালে স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়ে ফ্রান্সের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত এ সময় স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

এদিন পৃথকভাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মানসম্পন্ন শিক্ষা, জনসেবা, সুশাসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ে মতবিনিময় হয়।

মন্তব্য করুন