বগুড়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
বগুড়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার লক্ষীপুর গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন। 

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ বর্বরোচিত ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লক্ষীপুর এলাকার বাসিন্দা জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৩) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৈতৃক ও শরিকানা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার দুই পক্ষের মধ্যে চরম বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এর জেরে আজ সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের উপর্যুপরি কোপে ইয়াছিন আলী ও সুমন মোল্লা গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, এই জোড়া খুনের ঘটনায় রাব্বি মন্ডল (২৭) ও রাহাত মন্ডল (২১) নামের দুই ভাই সরাসরি জড়িত এবং তাঁরাই এই হামলার নেতৃত্ব দিয়েছেন। তাঁরা উভয়েই একই এলাকার বাসিন্দা রেজাউল মন্ডলের ছেলে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে রাহাত মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে মূল অভিযুক্ত রাব্বি মন্ডলসহ অন্যান্যরা পলাতক রয়েছে।

জোড়া খুনের ঘটনার পর পুরো লক্ষীপুর গ্রাম ও আশপাশের এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও পাল্টা হামলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন