শাহজাদপুরে সওজের মাটি ইটভাটায় বিক্রির মহোৎসব, ঝুঁকিতে মহাসড়ক

শাহজাদপুরে সওজের মাটি ইটভাটায় বিক্রির মহোৎসব, ঝুঁকিতে মহাসড়ক

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের আঁধারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গার মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সন্ধ্যা নামলেই উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদায়ি এলাকায় মহাসড়কসংলগ্ন ক্যানেল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু হয়, যা চলে গভীর রাত পর্যন্ত। প্রশাসনের চোখ ফাঁকি দিতেই মাটি ব্যবসায়ীরা রাতের এই সময়টিকে বেছে নিয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

সরেজমিনে বিন্নাদায়ি এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের নিচের ক্যানেল থেকে মাটি কেটে ড্রাম ট্রাকে ভরা হচ্ছে। অন্তত ২৫ থেকে ৩০টি ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ভেকু মেশিনের তীব্র আলো আর বিকট শব্দে ওই এলাকায় এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। মাটিবোঝাই ট্রাকগুলো বেপরোয়া গতিতে পাশের পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সিলন্দা এলাকার বাবলুর ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ট্রাকচালক জানান, তারা শুধু ভাড়ার বিনিময়ে মাটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছেন, এর বাইরে নেপথ্যে কারা আছে তারা জানেন না।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পয়েন্ট ম্যানেজার আকাশ দাবি করেন, শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ এই মাটি কাটার তদারকি করছেন এবং পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই তারা সরকারি নিয়ম মেনে মাটি কাটছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ আল মাহমুদ মুঠোফোনে জানান, তিনি সড়ক ও জনপথের কোনো জায়গা থেকে মাটি কাটছেন না; বরং পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারের মাধ্যমে নদী খননের বালু বিক্রি করছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন বলেন, বিষয়টি তার জানা ছিল না। তিনি দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অপরিকল্পিতভাবে সড়কের পাশ থেকে এভাবে মাটি কাটার ফলে আগামী বর্ষা মৌসুমে মহাসড়ক ধসে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। জনস্বার্থে এই অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন তারা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন