গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী মাঠে ২৭ জন

গোপালগঞ্জে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী মাঠে ২৭ জন

পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন থেকে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে জেলার তিনটি আসনে শেষ পর্যন্ত ২৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে টিকে রইলেন। তবে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মাঠে থাকায় এই আসনে বিএনপি একক প্রার্থী নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর ও কাশিয়ানী আংশিক) আসন থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন—বাংলাদেশ খেলাফত মজলিসের ইমরান হুসাইন আফসারী, জনতার দলের মো. জাকির হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. প্রিন্স আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম। এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন—সেলিমুজ্জামান সেলিম (বিএনপি), মুহাম্মদ আবদুল হামীদ মোল্লা (জামায়াতে ইসলামী), মোহাম্মদ মিজানুর রহমান (ইসলামী আন্দোলন), সুলতান জামান খান (জাতীয় পার্টি), নীরদ বরন মজুমদার (সিপিবি), এবং স্বতন্ত্র প্রার্থী এম. আনিসুল ইসলাম, আশ্রাফুল আলম ও মো. কাইউম আলী খান।

গোপালগঞ্জ-০২ (সদর ও কাশিয়ানী আংশিক) আসনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই আসনে ১১ জন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতায় বহাল রয়েছেন। প্রার্থীরা হলেন—কে এম বাবর (বিএনপি), ওয়াইব ইবরাহীম (বাংলাদেশ খেলাফত মজলিস), তসলিম শিকদার (ইসলামী আন্দোলন), মাহমুদ হাসান (জাকের পার্টি), দ্বীন ইসলাম (গণঅধিকার পরিষদ), রিয়াজ সারোয়ার মোল্যা (জাতীয় পার্টি), শাহ মফিজ (গণফোরাম), এবং স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। এছাড়া এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পাশাপাশি দলটির দুই বিদ্রোহী নেতা এম. এইচ খান মঞ্জু ও মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং অপর স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস নির্বাচনী মাঠে রয়েছেন।

অন্যদিকে, গোপালগঞ্জ-০৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) আসন থেকে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর এম. এম. রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আরিফুল দাঁড়িয়া এবং খেলাফত মজলিসের আলী আহমেদ। এই আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ জন প্রার্থী। তারা হলেন—এস এম জিলানী (বিএনপি), আব্দুল আজিজ (বাংলাদেশ খেলাফত মজলিস), দুলাল চন্দ্র বিশ্বাস (গণফোরাম), আবুল বাশার (গণঅধিকার পরিষদ), মো. মারুফ শেখ (ইসলামী আন্দোলন), শেখ সালাউদ্দিন (এনপিপি), এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন