বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী: নির্বাচনী পথসভায় ডা. জাহিদ হোসেন

বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী: নির্বাচনী পথসভায় ডা. জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী এবং দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই দলের রাজনীতির মূল দর্শন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগিয়ে যাচ্ছি।”

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পথসভায় ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে আইনের শাসন, প্রকৃত গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার আহ্বান জানান।

এ সময় ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান এবং উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভায় এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন