দীঘিনালার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

দীঘিনালার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ভস্মীভূত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বিপুল ক্ষয়ক্ষতিকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বর্তমান সরকার আপনাদের এই বিপদে পাশে আছে। ভয়াবহ এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করা হবে।”

মন্ত্রী জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে অগ্নিকাণ্ডের ফলে হওয়া ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন এবং দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় পর্যায়েও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিপদগ্রস্ত এই সময়ে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার এবং একে অপরের প্রতি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, ক্ষতিগ্রস্ত কোনো পরিবার বা ব্যবসায়ী যেন সহায়তাবঞ্চিত না হয়, সেদিকে সরকার কড়া নজর রাখছে।

উল্লেখ্য, গত রাতে বোয়ালখালী বাজারে আগুন লেগে মুহূর্তেই ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন