ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বহুল আলোচিত জহিরুল ইসলাম জয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নানাখী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সোনারগাঁওয়ের নানাখী এলাকায় অভিযান চালিয়ে বেকু হাসানকে আটক করে। গ্রেপ্তারকৃত বেকু হাসান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পূর্ববিরোধের জেরে জহিরুল ইসলাম জয়ের ওপর হামলা চালানো হয়। বেকু হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল জয়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সে সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। র্যাব ও পুলিশ দীর্ঘ সময় ধরে তাঁদের গতিবিধির ওপর নজরদারি চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত বেকু হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
হত্যাকাণ্ডের প্রধান হোতা গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ