নড়াইলে নিখোঁজের দুইদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নড়াইলে নিখোঁজের দুইদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

শুভ সরকার, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ‘মিনি কক্সবাজার’ খ্যাত মধুমতি নদীর লংকারচরে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু তাসমিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর শনিবার (২৮ মার্চ ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকা সংলগ্ন নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর জেলার সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের মোহাম্মদ জিন্নাহর মেয়ে তাসমিয়া ঈদের ছুটিতে তার চাচি রেশমার সাথে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে বেড়াতে এসেছিল। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে চাচি ও অন্য স্বজনদের সাথে মধুমতি নদীর দক্ষিণ লংকারচরে ঘুরতে যায় সে। সেখানে নদীতে গোসলে নামলে স্রোতের টানে তাসমিয়া নিখোঁজ হয়।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। তবে নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট স্থান নিয়ে তথ্যের অস্পষ্টতা থাকায় খুলনা থেকে ডুবুরি দল আনা সম্ভব হয়নি বলে জানান লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান। দীর্ঘ দুইদিন খোঁজাখুঁজির পর আজ সকালে নদীর ভাটিতে ডিগ্রিরচর এলাকায় তার নিথর দেহ ভেসে ওঠে।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈদের আনন্দ উদযাপন করতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন