ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এক ঝটিকা অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

শুক্রবার (২৭ মার্চ ) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বড় একটি মাদকের চালান হাতবদল হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়। সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পৌঁছালে তাঁদের আটক করা হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মো. গোলাম মোস্তফার কাছ থেকে ৮ হাজার পিস এবং মো. অসিমের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. গোলাম মোস্তফা (৪০) এবং নেত্রকোনা জেলার আশকুরি গ্রামের সুলতু মিয়ার ছেলে মো. অসিম (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্যমতে, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য। তাঁরা ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরের শ্রীপুরে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন