ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাজারে এক দিনে দুই দফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়, যা গতকাল শুক্রবার ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
শনিবার (২৮ মার্চ) বিকেলে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন এই দাম বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বেঁধে দেওয়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাবে চলতি মাসের শুরু থেকেই বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৪৯৪ ডলারে উঠেছে। এর আগে গত ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম রেকর্ড ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ