ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্রে (সাউন্ড সিস্টেম) বিভ্রাটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সংসদ কমিটি। ওই ঘটনা কোনো নাশকতা ছিল কি না, তা তদন্ত করে আগামী ৩ এপ্রিলের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সংসদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সংসদ কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে জানিয়ে চিফ হুইপ বলেন, সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের ধারণা, এখানে প্রকৃতপক্ষে কোনো নাশকতা বা সাবোটাজ হয়ে থাকতে পারে। আসলে সাউন্ড সিস্টেমে কী ধরনের কারিগরি সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখতে বুয়েট থেকে বিশেষজ্ঞ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
চিফ হুইপ আরও জানান, তদন্ত কমিটি প্রধানত দুটি বিষয় খতিয়ে দেখবে—কোনো নাশকতা হয়েছে কি না এবং সাউন্ড সিস্টেমের মূল সমস্যাটি কোথায় ও তার স্থায়ী সমাধান কী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেডফোন নিয়ে সবারই অভিযোগ আছে, এমনকি আমার নিজেরও। এত বড় হেডফোন মাথায় দিয়ে অধিবেশন শোনা কষ্টকর; এতে মাথা ও কান গরম হয়ে যায়। দ্রুতই এগুলো পরিবর্তন করা হবে।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নূরুল ইসলাম। তিনি বলেন, সব সংসদ সদস্যই আবাসন সুবিধা পাবেন। মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার ও হুইপদের আলাদা বাসভবন থাকলেও বাকিদের আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা শেষে ১০ এপ্রিলের মধ্যে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে। আগামী ৩০ মার্চ কমিটি আবার বৈঠকে বসবে।
৫ আগস্টের পরবর্তী সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ওই সময়ের পর দেশে নির্বাচন হবে না এমন একটি আবহ তৈরি করা হয়েছিল। নির্বাচনের দিনও অনেকে সংশয় প্রকাশ করেছিলেন যে নির্বাচন শেষ পর্যন্ত টিকবে কি না। আমি বলেছি, গায়েবের মালিক আল্লাহ, আমরা কেবল চেষ্টা করতে পারি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ