বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: সাংবাদিকদের বিক্ষোভ

বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: সাংবাদিকদের বিক্ষোভ

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। 

শনিবার (২৮ মার্চ ) বেলা ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাতে শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাবে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে নূরে ইসলাম মিলন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। ভুক্তভোগী রেজাউল করিম জানান, হামলাকারীরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাঁর উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয়, যেখানে ১৩টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও প্রধান আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

মানববন্ধনে ভুক্তভোগী সভাপতি রেজাউল করিম বলেন, “আমার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সমাজকে ভয় দেখানোর চেষ্টা। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী অভিযোগ করেন, প্রধান অভিযুক্ত নূরে ইসলাম মিলন ও সুরুজ আলী গ্রেপ্তার না হয়ে উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে। এছাড়া রাজশাহী প্রেসক্লাব থেকে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন প্রকাশ না করায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদসহ রাজশাহীর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তাঁরা ঐক্যবদ্ধভাবে এই ন্যাক্কারজনক হামলার বিচার এবং সন্ত্রাসীদের ক্লাব থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. জিললুর রহমানকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে আরএমপি মিডিয়া মুখপাত্র (উপ-পুলিশ কমিশনার) গাজিউর রহমান জানান, “মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।”

সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে রাজশাহীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন