নীলফামারীতে মধ্যরাতের কালবৈশাখীর তাণ্ডব: নিঃস্ব শত শত কৃষক

নীলফামারীতে মধ্যরাতের কালবৈশাখীর তাণ্ডব: নিঃস্ব শত শত কৃষক

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গভীর রাতে বয়ে যাওয়া আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে জনজীবন। ঝড়ের প্রচণ্ড আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত এলাকায় ঝড়ের তাণ্ডবে কৃষিখাতে নেমে এসেছে চরম বিপর্যয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মধ্যরাতে হঠাৎ শুরু হওয়া প্রবল দমকা হাওয়া ও শিলাবৃষ্টি মুহূর্তেই রণরূপ ধারণ করে। ঝড়ের তীব্রতায় উপড়ে পড়া বড় বড় গাছ বসতবাড়ির ওপর পড়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এছাড়া বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় পুরো এলাকা রাতভর অন্ধকারে নিমজ্জিত ছিল, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। কয়েক মাস ধরে হাড়ভাঙা খাটুনিতে ফলানো ভুট্টা, মরিচসহ বিভিন্ন ফসল এখন মাটির সঙ্গে মিশে আছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন, সোবহান ও হাফিজুলসহ অনেকেই আক্ষেপ করে জানান, “আর কয়েক দিন পরেই ভুট্টা ঘরে তোলার কথা ছিল। কিন্তু এক রাতের ঝড়ে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন আমরা পুরোপুরি নিঃস্ব।”

বিপর্যস্ত এলাকার মানুষ এখন বাঁচার তাগিদে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকদের পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের জন্য তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মন্তব্য করুন