ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী সোমবার (৩০ মার্চ) দেশের সকল জেলা পরিষদ প্রশাসককে ঢাকায় তলব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক ও উচ্চপর্যায়ের বৈঠক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি রোধ এবং জেলা পর্যায়ের উন্নয়ন কাজে সমন্বয়হীনতা দূর করার বিষয়ে কঠোর নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রশাসকরা তাদের কাজের সীমাবদ্ধতা ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রীর এই ডাককে স্বাগত জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসকরা। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল দৈনিক সকালবেলাকে বলেন, "প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন এটি অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা মনে করি, এই বৈঠকের মাধ্যমে তৃণমূলের মানুষের প্রত্যাশা এবং আমাদের কাজের চ্যালেঞ্জগুলো সরাসরি তাঁর কাছে পৌঁছানোর একটি বড় সুযোগ তৈরি হলো। আমরা আশাবাদী, এই বৈঠক থেকে দেশের জেলা পরিষদগুলোকে আরও কার্যকর ও জনমুখী করার জন্য বিশেষ দিকনির্দেশনা আসবে, যা বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়ক হবে।"
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে চান। বিশেষ করে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা এবং স্থানীয় পর্যায়ে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর তিনি জোর দিচ্ছেন। সোমবারের এই বৈঠক থেকে উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে একগুচ্ছ নতুন নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকটি ঘিরে জেলা পরিষদগুলোর কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট জেলাগুলোর রাজনৈতিক মহলেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই সমন্বয় সভার মাধ্যমে স্থানীয় সরকার প্রশাসনে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ