তেলের অবৈধ মজুদ ঠেকাতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পুরস্কার ঘোষণা

তেলের অবৈধ মজুদ ঠেকাতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পুরস্কার ঘোষণা

হেলাল মুন্সী, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদদারি রোধে কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন। জনস্বার্থে অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদকারীদের বিষয়ে সঠিক তথ্য দিতে পারলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এর ফলে জেলার পরিবহন ব্যবস্থা, কৃষি সেচ কাজ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনভোগান্তি লাঘবে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রশাসন ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, কোনো সচেতন নাগরিক যদি জ্বালানি তেলের অবৈধ মজুদদারি বা কালোবাজারির সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তবে তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। একই সাথে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছে প্রশাসন।

অবৈধ মজুদের তথ্য জানাতে প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ নম্বর (০১৩২৯৬৩০১০৪) উন্মুক্ত করা হয়েছে। এই নম্বরে সরাসরি যোগাযোগ করে তথ্য দেওয়া যাবে। পাশাপাশি অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সচেতন মহল ও সাধারণ কৃষকরা। তারা মনে করছেন, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই অসাধু চক্রকে দমন করা সম্ভব হবে এবং জ্বালানি তেলের সরবরাহ ও বাজারমূল্য দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন