ভাঙ্গায় জিম্মি করে ছিনতাই: অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ভাঙ্গায় জিম্মি করে ছিনতাই: অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক অটোরিকশা চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৮ মার্চ) ভুক্তভোগী চালক সাগর মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামের সাগর মাতুব্বর (১৯) তাঁর অটোরিকশা নিয়ে মালিগ্রাম বাজার স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে পুলিয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে পৌঁছালে যাত্রীবেশে থাকা মেহেদী আকন্দ (২৪) নামের এক যুবক হঠাতই ধারালো চাকু বের করে চালক সাগরের গলায় ধরেন। এ সময় তাঁর অন্য দুই সহযোগীও ছোরা দিয়ে ভয়ভীতি দেখিয়ে সাগরের কাছ থেকে নগদ ১,২৩৩ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেন।

পরবর্তীতে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। জনরোষের মুখে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর ভুক্তভোগী সাগর তাঁর আত্মীয়স্বজনদের নিয়ে অভিযুক্ত মেহেদী আকন্দের বাড়িতে গেলে আসামিরা পুনরায় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করে। এ সময় নিরুপায় হয়ে সাগর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মূল অভিযুক্ত মেহেদী আকন্দকে গ্রেপ্তার করে।

পুলিশ মেহেদীর কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচ থেকে আরও দুটি দেশীয় ছোরা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী তাঁর দুই সহযোগীর নাম প্রকাশ করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মাদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে বাকি দুই আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ ঘটনায় ভাঙ্গা থানায় অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে মামলা (নং-২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন