ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: বর্তমান পুলিশ বাহিনী তাদের বিদ্যমান পোশাকে সন্তুষ্ট নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি পর্যায়ে আলোচনা করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য কুচকাওয়াজে মন্ত্রী অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে তিনি বিশেষ পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী এই সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ থেকে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দীর্ঘ এক বছরের কঠোর প্রশিক্ষণ শেষে নতুন কর্মকর্তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় শপথ গ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ