ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পাকিস্তান টানা দুই ম্যাচ হারায় অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে একটি করে ম্যাচ জেতা ভারত ও বাংলাদেশের। তবে ‘বি’ গ্রুপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি হতে চলেছে আজ। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামছেন বাংলাদেশ ও ভারতের যুবারা। রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। আর পাকিস্তানকে ভারত হারিয়েছে ৩-০ গোলে।
গোল গড়ে এগিয়ে থাকায় ভারতের জন্য ড্র যথেষ্ট হলেও গ্রুপসেরা হতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। গ্রুপসেরা হলে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভুটান অথবা শ্রীলঙ্কা, আর রানার্স আপ হলে লড়তে হবে নেপালের বিরুদ্ধে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের বিপক্ষে এই ম্যাচটি রোনান-মুর্শেদ আলীদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। পাকিস্তান ম্যাচে নজরকাড়া গোল করা রোনানের দিকে আজ বিশেষ দৃষ্টি থাকবে ফুটবলপ্রেমীদের।
এই ম্যাচের আগে প্রস্তুতির জন্য বেশ কয়েক দিন সময় পেয়েছিল বাংলাদেশ। গত শুক্রবার অনুশীলনে ফিটনেসের পাশাপাশি কৌশলগত বিষয়গুলোর ওপর বিশেষ জোর দেওয়া হয়। আক্রমণ ও রক্ষণভাগের সমন্বয় আরও শক্তিশালী করার দিকেও দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। দলের মিডফিল্ডার স্যামুয়েল রাকসাম বলেন, ‘পাকিস্তান ম্যাচের পর আমরা কয়েক দিন প্রস্তুতির সময় পেয়েছি। আমরা ভারতের খেলা বিশ্লেষণ করে সেই অনুযায়ী অনুশীলন করেছি। প্রস্তুতি ভালো হয়েছে এবং আমরা ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ