ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা।
শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, “জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নাস্তিক এবং ইসলামবিদ্বেষী। তিনি কোনো নির্দিষ্ট দল নয়, বরং ইসলামেরই বিদ্বেষী।” প্রতিমন্ত্রীর একটি বক্তব্যের সূত্র ধরে তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ নাকি ধর্ম প্রতিষ্ঠার জন্য হয়নি—এমন মন্তব্য করার সাহস তিনি কোথায় পেলেন? মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই জানতে হবে।”
বক্তব্যে আমির হামজা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতিরও কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, অযোগ্যদের হাতে দায়িত্ব দেওয়ার কারণে হাসপাতালের জেনারেটর চালাতে ৫ লিটারের বেশি তেল পাওয়া যাচ্ছে না, যা জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলছে।
এদিকে, এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, “আমির হামজা কী বলেন তিনি নিজেও জানেন না। রাজনৈতিক নেতাদের নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে তাঁকে বিরত থাকার আহ্বান জানাই।” অন্যদিকে, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস জানান, আমির হামজা কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে মসজিদে নামাজ পড়তে এসেছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি আমির হামজার বিভিন্ন বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনা-সমালোচনা চলছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ