প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান

প্রটোকল ভেঙে কবরে নামলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান

নিজস্ব প্রতিবেদক, নান্দাইল: সরকারি পদের জৌলুস ও কঠোর প্রটোকল উপেক্ষা করে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে ফেরার পথে এই মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। প্রতিমন্ত্রীর এই দাফন কাজের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মী ও সরকারি প্রটোকলসহ উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে সড়কের পাশে একটি কবরস্থানে দাফন কাজ চলতে দেখে তিনি হঠাৎ নিজের গাড়ি বহর থামানোর নির্দেশ দেন। গাড়ি থেকে নেমে সরাসরি কবরস্থানে গিয়ে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাফন কাজে অংশ নেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, "সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সরাসরি দাফন কাজে অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল ও অনুকরণীয় দৃশ্য।"

জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাধারণ বাসিন্দারা বলছেন, উচ্চপদস্থ ব্যক্তিদের এমন মানবিক আচরণ সমাজের জন্য একটি বড় বার্তা। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সাথে মোনাজাতেও অংশ নেন ইয়াসের খান চৌধুরী।

মন্তব্য করুন