ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে গত ২৪ মার্চ থেকে অফিস-আদালত খুলেছে। তবে ২৪ ও ২৫ মার্চ কর্মদিবস থাকলেও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় অনেক কর্মজীবী বাড়তি ছুটি নিয়েছিলেন। ফলে তাদের অনেকেরই কর্মস্থলে যোগদান শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে।
এদিন বিভিন্ন ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক ট্রেনের বগির ভেতর যাত্রী ছিল কানায় কানায় পূর্ণ, এমনকি কিছু ট্রেনের ছাদেও যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে। অন্যদিকে, যাদের অফিস ঢাকার বাইরে, তাদের একটি অংশকেও ঢাকা ছাড়তে দেখা গেছে। যাত্রীদের মতে, দু-একটি অভিযোগ ছাড়া এবারের ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক ছিল। ঈদের আগে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গগামী ট্রেনের কিছুটা বিলম্ব হলেও অন্যান্য রুটে ট্রেন নির্ধারিত সময়েই চলাচল করেছে।
কমলাপুর স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী সাহাবুল ইসলাম জানান, তিনি একটি ব্যাংকে কর্মরত এবং অতিরিক্ত ছুটি শেষে আগামীকাল থেকে অফিস ধরবেন। তবে এসি কামরার যাত্রী আসমা আক্তার অভিযোগ করেন, আসনবিহীন যাত্রীরা এসি কোচে ঢুকে পড়ায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। নওগাঁ থেকে আসা চিলাহাটি এক্সপ্রেসের যাত্রী সাইমুম জানান, ট্রেনের ভেতর প্রচণ্ড ভিড় থাকলেও তিনি নির্ধারিত সময়ে পৌঁছাতে পেরেছেন। একই ট্রেনের যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমন আহমেদ জানান, টিকিট না পেয়ে তিনি ট্রেনের ছাদে চড়ে এসেছেন এবং স্টেশনে পৌঁছে টিকিট কাটার পরিকল্পনা করছেন। এছাড়া অফিস ধরতে একদিন আগেই ঢাকায় ফিরেছেন বলে জানান চিলাহাটি থেকে আসা আয়েশা আক্তার।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ