ঝিনাইদহে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পেঁয়াজ ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ মার্চ ) দুপুরে উপজেলার আবহাওয়া হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মাঠের পেঁয়াজ ক্ষেতে কৃষি কাজ করছিলেন একদল শ্রমিক। দুপুরে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রচণ্ড শব্দে বজ্রপাত শুরু হয়। এসময় একটি বজ্রপাত সরাসরি মাঠে আঘাত হানলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) এবং লক্ষ্মীপুর গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)।

বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন রণজীত বিশ্বাস (৭০) ও প্রকাশ বিশ্বাস (৪৫)। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খোলা মাঠে কাজ করার সময় অসতর্কতাবশত এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

আকস্মিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে খড়িবাড়িয়া ও লক্ষ্মীপুর গ্রাম। স্থানীয়রা জানান, আবহাওয়া এত দ্রুত পরিবর্তন হবে তারা বুঝতে পারেননি, ফলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই এই বিপর্যয় ঘটে।

বিশেষজ্ঞরা এ সময় বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় খোলা মাঠে কাজ করার সময় সর্বোচ্চ সতর্ক থাকা এবং মেঘ জমলে দ্রুত পাকা দালান বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন