ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাদারীপুর প্রতিনিধি: মেহনতী মানুষের ঘাম ঝরানো সম্পদ যারা চুরি ও লুণ্ঠন করে, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। সোমবার সন্ধ্যা ৭টায় মাদারীপুর শহরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
মামুনুল হক বলেন, "স্বাধীনতার আগে ২১৪ বছর এদেশ শাসিত ও শোষিত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীনতার ৫৪ বছর পরও স্বদেশী শাসকরা একই কায়দায় জনগণকে শোষণ করেছে। শাসক বদলালেও মানুষের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতন কমেনি।" তিনি সতর্ক করে বলেন, এবারের নির্বাচনী জাগরণ দেখে দেশবিরোধী শক্তিগুলো আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
দেশপ্রেম ও ইসলামের আদর্শে গড়া ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, "জনগণের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তবে কেবল মুখে পরিবর্তনের কথা বললে হবে না, আগামী গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করতে হবে।"
জনসভা শেষে মামুনুল হক মাদারীপুরের তিনটি আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। এ সময় তিনি মাদারীপুর-২ আসনের খেলাফত মজলিস প্রার্থী মুফতি আব্দুস সোবহানের হাতে ‘রিকশা’ এবং মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।
মাদারীপুর-২ আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, এনসিপির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ এবং মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমানসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ