ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরাচ্ছে ভারত
বাংলাদেশের পাঁচটি মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। নিরাপত্তার স্বার্থে প্রতিবেশী দেশটি বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তা জানানো হয়নি। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে ঢাকায় ভারতের হাইকমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনেই ‘নন-ফ্যামিলি’ পোস্টিং কার্যকর হবে। তবে পাঁচটি কূটনৈতিক মিশনই পূর্ণ সক্ষমতায় তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশে ভারতের পাঁচটি মিশন হলো—ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত চারটি সহকারী হাইকমিশন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানে বর্তমানে ‘নো চিলড্রেন’ পোস্টিং রয়েছে, যেখানে কর্মকর্তাদের সঙ্গে শুধুমাত্র স্বামী বা স্ত্রীর থাকার অনুমতি আছে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাল্টাপাল্টি চিঠি চালাচালি ও কূটনীতিক তলবের মতো ঘটনাও ঘটেছে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে এবং তাঁর বক্তব্যের মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগ করছে। অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সরব রয়েছে ভারত। এসব ইস্যুতে দুই দেশেই পাল্টাপাল্টি বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সম্প্রতি আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের শোকবার্তা পাঠানোর মধ্য দিয়ে সম্পর্কে ভিন্ন মাত্রা যুক্ত হয়।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ভারত এই পদক্ষেপ নিল। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, ‘উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির’ কারণে কূটনীতিকদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবারের সদস্যরা কবে নাগাদ ফিরতে পারবেন বা বর্তমানে কতজন কূটনীতিক বাংলাদেশে রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ