সারা দেশে ৮০টি কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন হজযাত্রীরা

সারা দেশে ৮০টি কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন হজযাত্রীরা

সারা দেশে ৮০টি কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন হজযাত্রীরা

চলতি বছরের হজযাত্রীরা সারা দেশের মোট ৮০টি নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে পারবেন। হজযাত্রীদের জন্য এসব টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার (১৮ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বিষয়ে শনিবার (১৭ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত ৮০টি টিকাদান কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

টিকা দেওয়ার তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা নিতে আসার সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

টিকাদান কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা জেলার বাইরে সব জেলায় সিভিল সার্জন অফিস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ঢাকা মহানগরীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিক টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে।

ঢাকার বাইরের উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল।

এ ছাড়া হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার ভিত্তিতেই হজযাত্রীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্তব্য করুন