ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘বিসমিল্লাহ’ শীর্ষক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গ্রীন পার্টি’। সোমবার রাজধানীর একটি রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে দলটির নাম ও মূল স্লোগান— ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দলের আহ্বায়ক রিদওয়ান হাসান নতুন দলের নাম ঘোষণা করে বলেন, "এই উদ্যোগ কোনো আকস্মিক রাজনৈতিক ঘোষণা নয়। ইনসাফভিত্তিক সমাজ এবং পরিবেশবান্ধব রাজনীতির বাস্তব প্রয়োজনীয়তা থেকেই আমাদের এই যাত্রা।" তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া কওমি আলেম ও একদল তরুণ শিক্ষার্থীর নেতৃত্বে আগামী প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন ও কর্মমুখর করাই এই দলের প্রধান লক্ষ্য। আপাতত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করে আগামী ৩ থেকে ৬ মাস সংগঠন গড়ে তোলার প্রস্তুতিমূলক সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরে দলের সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর জানান, বাংলাদেশ গ্রীন পার্টি মূলত কওমি মাদরাসা থেকে উঠে আসা তরুণদের একটি রাজনৈতিক প্রয়াস। যারা মুক্তিযুদ্ধের সার্বভৌমত্ব এবং জুলাই বিপ্লবের বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণের চেতনায় বিশ্বাসী। তিনি আরও জানান, রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে থানা কমিটিকে সংগঠনের মূল কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলটির সদস্য হতে আগ্রহীদের জন্য গুগল ফরম উন্মোচন করা হয়েছে, যেখানে কোনো পদের আবেদন নয় বরং কাজের আগ্রহ ও দায়বদ্ধতাকে মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনের আহ্বায়ক রিদওয়ান হাসান যাত্রাবাড়ী থানা কমিটির এবং সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে প্রাথমিক দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাঁরা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া তদারকি করবেন।
আয়োজকরা স্পষ্ট করেছেন যে, বাংলাদেশ গ্রীন পার্টি কেবল মিছিল-মিটিং বা শো-ডাউনের রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না। তরুণদের প্রযুক্তিনির্ভর ও দক্ষ হিসেবে গড়ে তুলে একটি টেকসই বাংলাদেশ উপহার দেওয়াই হবে তাদের অন্যতম লক্ষ্য। শিগগিরই দলের পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক আপডেট জানানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ