পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা ও বোমাবর্ষণ দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধ এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই নমনীয়তা প্রদর্শন করেছেন। ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ দিন উভয় পক্ষ একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি পালন করবে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, আজ রাতে ইরানের ওপর যে বিধ্বংসী শক্তি প্রয়োগ করার কথা ছিল, পাকিস্তান সরকারের অনুরোধে তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তিনি আরও জানান, দুই দেশ ইতিমধ্যে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে অনেক দূর এগিয়েছে এবং ইরানের পক্ষ থেকে একটি ১০ দফার প্রস্তাব পাওয়া গিয়েছে, যেটিকে আলোচনার কার্যকর ভিত্তি বলে মনে করছে ওয়াশিংটন।

ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই প্রক্রিয়া সফল হলে মধ্যপ্রাচ্যে গত ৩৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন