ভারতে পররাষ্ট্রমন্ত্রীর সফর: দিল্লিতে গুরুত্বপূর্ণ তিন বৈঠক আজ

ভারতে পররাষ্ট্রমন্ত্রীর সফর: দিল্লিতে গুরুত্বপূর্ণ তিন বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আজ বুধবার দিল্লিতে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টায় নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

এরপর বিকেল সাড়ে ৪টায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং বিকেল সাড়ে ৫টায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে পৃথক আলোচনায় বসবেন ড. খলিলুর রহমান। কূটনৈতিক সূত্রমতে, এই সফরে বাংলাদেশ মূলত চারটি প্রধান ইস্যুতে জোর দিচ্ছে—জ্বালানি সহযোগিতা, ভিসা সহজীকরণ, গঙ্গা পানি চুক্তি নবায়ন এবং সীমান্ত সমস্যা সমাধান।

মরিশাসে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে’ যোগ দিতে যাওয়ার পথে দিল্লিতে এই যাত্রাবিরতি করছেন পররাষ্ট্রমন্ত্রী। তার সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম দিল্লি সফর, যা দুই দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দিয়ে ঢাকা দিল্লির সঙ্গে একটি পারস্পরিক লাভজনক ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে চায়। সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল মরিশাসের উদ্দেশে ভারত ত্যাগ করবেন।

মন্তব্য করুন