শরিয়াহ বোর্ড স্বাধীনভাবে কাজ করবে: গভর্নর

শরিয়াহ বোর্ড স্বাধীনভাবে কাজ করবে: গভর্নর

স্টাফ রিপোর্টার: দেশের ইসলামী ব্যাংকগুলোর শরিয়াহ বোর্ডকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, শরিয়াহ বোর্ডের কার্যক্রমে কোনো পক্ষ থেকেই বাধা থাকা উচিত নয় এবং কেন্দ্রীয় ব্যাংক তাদের কাজের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (আইবিআরপিডি) এই সভার আয়োজন করে।

সভায় গভর্নর অতীতে ইসলামী ব্যাংকিং খাতের কয়েকটি প্রতিষ্ঠানে অর্থপাচারের ঘটনার কথা উল্লেখ করে বলেন, যথাযথ তদারকির অভাবেই এমনটি ঘটেছে। ইসলামী ব্যাংকিং পণ্যভিত্তিক কাঠামোর ওপর পরিচালিত হওয়ার কথা থাকলেও তদারকির ঘাটতিতে ক্ষতি হয়েছে, যা পর্যালোচনার দাবি রাখে। তিনি শরিয়াহ বোর্ডগুলোকে সর্বোচ্চ ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, তাদের সিদ্ধান্ত ও দিকনির্দেশনা সঠিকভাবে বাস্তবায়িত হলে কার্যকর তদারকি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। একই সঙ্গে তিনি এই খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত শরিয়াহ বিশেষজ্ঞরা ইসলামী ব্যাংকিং খাতকে টেকসই ও আস্থাশীল করতে এর মৌলিক ভিত্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা সুদমুক্ত ব্যবস্থা ও লাভ-ক্ষতির ঝুঁকি ভাগাভাগির নীতির কঠোর বাস্তবায়নের ওপর জোর দেন। তারা প্রস্তাব করেন, বড় বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে শরিয়াহ বোর্ডের মতামত বাধ্যতামূলক করতে হবে এবং শরিয়াহ মুরাকিবদের আইনি সুরক্ষা দিতে হবে যাতে তারা কোনো চাপ ছাড়াই নিরপেক্ষ অডিট রিপোর্ট দিতে পারেন। এছাড়া একটি স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা।

সভায় ইসলামী ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের জন্য ন্যূনতম শরীয়াহ জ্ঞান বাধ্যতামূলক করা এবং বছরে অন্তত একবার বহিঃস্থ শরীয়াহ নিরীক্ষা চালুর সুপারিশ করা হয়। একই সঙ্গে সংকটাপন্ন ব্যাংকগুলোকে সহজ শর্তে তারল্য সহায়তা দেওয়ার প্রস্তাব করেন আলেম-উলামা ও বিশেষজ্ঞরা। সভায় বাংলাদেশ ব্যাংকের নবগঠিত শরীয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্যসহ বিভিন্ন ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন