ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত মজুমদার তেল পাম্পকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বেপরোয়া সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বলফিল্ডের দায়পাড়া গ্রামের আহাদ নামে এক ব্যক্তির নেতৃত্বে এই সিন্ডিকেট সাধারণ ভোক্তাদের জিম্মি করে তেলের কৃত্রিম সংকট তৈরি ও চড়া মূল্যে বিক্রির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আহাদ ৩-৪ জনের একটি প্রভাবশালী চক্র তৈরি করে পাম্প থেকে পাইকারি হারে তেল সংগ্রহ করছেন। পরবর্তীতে সেই তেল বাইক ও বোতলের মাধ্যমে বাইরে দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা পাম্পে এসে ন্যায্যমূল্যে তেল না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগীদের দাবি, আহাদ মূলত একজন সুবিধাবাদী চরিত্রের অধিকারী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ক্ষমতার পালাবদলের পর বর্তমানে তিনি নিজেকে ‘যুব জামায়াতের’ কর্মী পরিচয় দিয়ে একই কায়দায় দাপট দেখাচ্ছেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি স্থানীয়দের হয়রানি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা না করেই অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, সিন্ডিকেট নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথেও চরম অশালীন আচরণ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন আহাদ। প্রকাশ্য দিবালোকে পুলিশি নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সিন্ডিকেট কর্মকাণ্ড চলতে থাকায় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার তদন্ত ওসি জাহিদ জানান:
"বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। অভিযুক্ত আহাদকে তেল পাম্প এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের সিন্ডিকেট বরদাশত না করতে আমরা বদ্ধপরিকর।"
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্থানীয়দের দাবি, কেবল পাম্প থেকে বের করে দেওয়া নয় বরং আহাদ ও তার সিন্ডিকেট সদস্যদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তেলের বাজারে এই বিশৃঙ্খলা বন্ধ হবে না।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ