ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আদালতের শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে ভিড়ের চাপে সিঁড়িতে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করে ওঠেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর পুলিশ সদস্যরা যখন তাকে নিয়ে যাচ্ছিলেন, তখন আইনজীবী ও উৎসুক জনতার প্রচণ্ড ভিড়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়িতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা তাকে টেনে ধরেন এবং কড়া পাহারায় হাজতখানায় নিয়ে যান।
আদালত সূত্রে জানা যায়, এদিন দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে শিরীন শারমিন চৌধুরীকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর বিকেল সোয়া ৩টার দিকে রিমান্ড শুনানির জন্য তাকে এজলাসে তোলা হয়। আদালত চত্বরে পুলিশের কঠোর নিরাপত্তা থাকলেও আইনজীবী, সংবাদকর্মী ও জনসাধারণের বাড়তি উপস্থিতির কারণে সেখানে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচণ্ড ভিড় ও ভ্যাপসা গরমে এজলাসে ওঠার সময়ও সাবেক এই স্পিকারকে বেশ নাজেহাল অবস্থায় দেখা যায়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের বিষয়ে জানা যায়, মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক যুবক চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনায় গত বছরের ২৫ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল, যেখানে শিরীন শারমিন চৌধুরীকেও আসামি করা হয়েছে।
আদালতের কার্যক্রম শেষে কারাগারে নেওয়ার পথে সিঁড়িতে পড়ে যাওয়ার ঘটনাটি আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সাবেক স্পিকারকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখনও তাকে বেশ অসুস্থ ও বিমর্ষ দেখাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ভিড়ের কারণে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো আঘাত পাননি তিনি। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ