ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
প্রতিবেদক, বরিশাল: শিক্ষামন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর এবং এই মহান পেশা একটি ইবাদত। শিক্ষা মন্ত্রণালয় আমার কাছে একটি ইবাদতখানার মতো। আমি কোনোভাবেই এই পবিত্র জায়গাকে কলুষিত করতে দেব না।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মিলনায়তনে কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
দেশে চলমান জ্বালানি তেল সংকট মোকাবিলায় শিক্ষামন্ত্রী একটি বিশেষ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, জ্বালানি সাশ্রয় করতে দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে খুব শীঘ্রই অনলাইন ও অফলাইন (মিশ্র পদ্ধতি) ক্লাসের কার্যক্রম শুরু করা হবে। এতে যাতায়াত খরচ ও জ্বালানি সাশ্রয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অতীতের সরকারের কঠোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন: "বিগত দিনে শিক্ষা খাতে উন্নয়নের নামে কেবল টাকা পাচার আর টাকা অপচয়ের প্রজেক্ট করা হয়েছে। আমি প্রতিটি প্রজেক্ট এবং দুর্নীতির বিষয়গুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখবো। দেশের প্রকৃত উন্নয়ন করতে হলে সবার আগে শিক্ষা খাতের উন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।"
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, সংসদ সদস্য (বরিশাল-৫ আসন)। অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশন। মোঃ মাহফুজুর রহমান, বিভাগীয় কমিশনার। মোঃ মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি। মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার। আকন কুদ্দুসুর রহমান, জেলা পরিষদ প্রশাসক।
সভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব, কলেজের অধ্যক্ষ এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। শিক্ষামন্ত্রী আসন্ন এসএসসি পরীক্ষায় নকল রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য শিক্ষকদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ