শুক্রবার ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

শুক্রবার ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে এই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

বুধবারের এই বিবৃতিটি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বোমা হামলার হুমকি প্রত্যাহার করেছেন এবং দুই সপ্তাহের জন্য দেশটিতে হামলা ‘স্থগিত’ রাখতে সম্মত হয়েছেন। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি তখনই কার্যকর থাকবে যদি ইরান হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে’ রাজি হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই প্রণালীতে আংশিক অবরোধ আরোপ করায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের দাম বৃদ্ধি পায়।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছে এবং তারা বিশ্বাস করে যে এটি ‘আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি’। তিনি আরও বলেন, দুই পক্ষ ‘প্রায় সবকটি বিরোধপূর্ণ বিষয়ে’ একমত হয়েছে এবং এই দুই সপ্তাহ চুক্তিটি ‘চূড়ান্ত ও সম্পন্ন’ করার সুযোগ দেবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধ বন্ধ করার বিষয়ে তেহরানের সিদ্ধান্ত নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধ করা হলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখবে। তিনি উল্লেখ করেন, ট্রাম্প আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা প্রস্তাবের ‘সাধারণ কাঠামো’ গ্রহণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, যুদ্ধরত সব পক্ষ ‘লেবাননসহ সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। তিনি শুক্রবার ইসলামাবাদে প্রতিনিধি দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন।

ইরানের ১০ দফা প্রস্তাবে হরমুজ প্রণালীর ওপর তাদের আধিপত্য ও তদারকি, মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, যুদ্ধের ‘পূর্ণ ক্ষতিপূরণ’ এবং সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। ইরানি কাউন্সিল সতর্ক করে দিয়ে বলেছে, তেহরান ‘আমেরিকান পক্ষের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় যাচ্ছে এবং শত্রুর সামান্যতম ভুল হলে তারা পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত।

সূত্র: আল জাজিরা

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন