পারিবারিক কলহ: ঝিনাইদহে দা দিয়ে স্বামীর গোপনাঙ্গে কোপ

পারিবারিক কলহ: ঝিনাইদহে দা দিয়ে স্বামীর গোপনাঙ্গে কোপ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার বলাবাড়িয়া খানপাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত স্বামী উজ্জ্বল খাঁ (৪২) বর্তমানে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী উজ্জ্বল খাঁ জানান, প্রায় ২০ বছর আগে একই গ্রামের রুবিনা আক্তার চায়নার (৩২) সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিবাদ লেগে থাকত। 

উজ্জ্বল খাঁর দাবি, গত কয়েকদিন ধরে রুবিনা তার সঙ্গে অস্বাভাবিক আচরণ করায় তিনি বাড়ির বাইরে ছিলেন। সোমবার রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে রুবিনা ধারালো দা দিয়ে তার গোপনাঙ্গে কোপ দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘ দাম্পত্য জীবনের পর এমন ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহত উজ্জ্বল খাঁ এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ভুক্তভোগীর পরিবারের সদস্যরা থানায় এসেছেন। লিখিত অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন