ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শিল্পী বেগম (৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বিহার ইউনিয়নের বিহার পশ্চিম পাড়া (মৃধা পাড়া) এলাকায় এ বর্বরোচিত ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম ওই এলাকার বাসিন্দা মিন্টু মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে মিন্টু মিয়া ও শিল্পী বেগমের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিন্টু মিয়া তার স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে শিল্পী বেগম গুরুতর আহত হয়ে নিজ বাড়িতেই মারা যান। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেলে এলাকায় জানাজানি হয় এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ