ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে সাময়িক বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক রফিকুল বারীর বিরুদ্ধে। একাধিক সূত্রের দাবি, নিজের পেশাগত অপরাধ আড়াল করতেই বিভিন্ন দপ্তরে ভুল তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছেন তিনি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ নিয়মিত প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর বিধি অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষক ঈসা খাঁনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয় ম্যানেজিং কমিটি। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং কমিটির ওপর চাপ সৃষ্টি করতে বরখাস্ত হওয়া সহকারী প্রধান শিক্ষক রফিকুল বারী ও আরও কয়েকজন শিক্ষক বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করছেন বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালে যোগদানের পর থেকেই রফিকুল বারীর বিরুদ্ধে দালালি, ক্লাস ফাঁকি দেওয়া এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার একাধিক অভিযোগ রয়েছে। এসব কারণে তাঁকে দুবার কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি সন্তোষজনক জবাব দেননি। পরবর্তীতে গত ৭ মার্চ ম্যানেজিং কমিটির জরুরি সভায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজমুল হক খাঁন জানান, বিধি অনুযায়ী বরখাস্ত অবস্থায় কাউকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার সুযোগ নেই। এদিকে অপর এক জ্যেষ্ঠ শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের মামলা ও শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকায় নীতিমালা অনুযায়ী তাকেও দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি।
বিস্ময়কর তথ্য হলো, গত ২৪ মার্চ জেলা শিক্ষা অফিসার বরাবর যে অভিযোগ দাখিল করা হয়েছে, সেখানে থাকা চার বাদীর মধ্যে তিনজনই (লিমন তোকদার, পরিতোষ বর্মন ও আতাউর রহমান) জানিয়েছেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। কে বা কারা তাদের নাম ব্যবহার করে অভিযোগ দিয়েছে, তার বিচার দাবি করেছেন তারা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈসা খাঁন বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে কাজ করছি। কিন্তু রফিকুল বারী ব্যক্তিগত আক্রোশ থেকে আমার ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে ভুয়া অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।"
অভিযুক্ত রফিকুল বারী অবশ্য দাবি করেছেন, তিনি নিয়মিত স্কুলে যাতায়াত করেন এবং শিক্ষা অফিসারের অনুমতি নিয়েই প্রশিক্ষণে গিয়েছিলেন। তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ